স্টাফ রিপোর্টার:-
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মজনু মিয়া (পিতা: জহুরুল আকন্দ) জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা মালঞ্চ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পিকআপভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মজনু মিয়ার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত মালঞ্চ পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শুভ্র মজুমদার/দেশ বাংলা টিভি নিউজ
দেশ বাংলা টিভি ডেক্স